আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু’জন মহিলা ছিল। তাদের সাথে দু’টি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বললো, ‘‘তোমার ছেলেটিই বাঘে নিয়ে গেছে।’’ অন্য মহিলাটি বললো, ‘‘না, বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে।’’ অতঃপর উভয় মহিলাই দাঊদ (আঃ)-এর নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ)-এর নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দু’জনে তাঁকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আস। আমি ছেলেটিকে দু’ টুক্রা করে তাদের দু’জনের মধ্যে ভাগ করে দেই। এ কথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠলো, তা করবেন না, আল্লাহ্ আপনার উপর রহম করুন। ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন।
আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন, আল্লাহর কসম! ছোরা অর্থে السِّكِّينِ শব্দটি আমি ঐ দিনই শুনেছি। তা না হলে আমরা তো ছোরাকে الْمُدْيَةُ ই বলতাম।
উৎসঃ সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৩৪২৭, অধ্যায়ঃ ৬০/ আম্বিয়া কিরাম (‘আঃ), তাওহীদ পাবলিকেশন


0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন