রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা

মুহাম্মাদ বিন ওবায়দুল্লাহ্‌ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলীফা ওমর (রাদিয়াল্লাহু আনহু) এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেলাম। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরী একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে  আরোহণ করলেন। শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোকসকল! তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারিসী (রাদিয়াল্লাহু আনহু) উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর (রাঃ) বললেন, কেন হে আবু আব্দুল্লাহ্‌? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন। অথচ আপনি পরিধান করেছেন (দুই কাপড়ের) বড় পোশাক! ওমর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, ব্যস্ত হয়ো না হে আবু আব্দুল্লাহ্‌! অতঃপর তিনি ছেলে আব্দুলাহ বিন ওমর (রাদিয়াল্লাহু আনহু) এর  দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, আমি  আল্লাহ্‌র কসম  করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে, সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ্‌ বিন ওমর  (রাদিয়াল্লাহু আনহু) বললেন, জি, আমার। অতঃপর সালমান ফারিসী (রাদিয়াল্লাহু আনহু) বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব।

শিক্ষাঃ রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাঁকে পরকালে যেমন আল্লাহ্‌র কাছে তাঁর দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন।

 উৎসঃ ইবনুল  ক্বাইয়িম,  ই‘লামুল  মুওয়াক্কেঈন ২/১২৩; ছিফাতুছ ছাফওয়াহ ১/২০৩; গল্পের মাধ্যমে জ্ঞান, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

+